
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে যানবাহন জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭ক ধারায় ড্রাম ট্রাক ও এক্সকাভেটর চালক তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
তবে অভিযান চলাকালে পুকুরের মালিক ও মাটি কাটার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয় এবং চারটি ড্রাম ট্রাক আটক করা হয়।
এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য অর্ডার শিটের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।