# অবৈধ মাটি কাটায় অভিযান, শেরপুরে তিনজনের কারাদণ্ড

- Link: https://dailybogratimes.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6/
- Published: 2026-04-24T08:28:49+06:00
- Author: বার্তা বিভাগ

[[

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে
অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে যানবাহন জব্দসহ
আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পরিচালিত 
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭ক ধারায় ড্রাম
ট্রাক ও এক্সকাভেটর চালক তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

তবে অভিযান চলাকালে পুকুরের মালিক ও মাটি কাটার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের ঘটনাস্থলে
পাওয়া যায়নি। এ সময় একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয় এবং চারটি ড্রাম ট্রাক 
আটক করা হয়।

এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য অর্ডার শিটের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে
বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল
হাসান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।
