# অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, বগুড়ায় কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%aa/
- Published: 2026-08-21T16:37:47+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়া প্রতিনিধি:**

বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরি
এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ও শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে একটি
চিপস কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে পশ্চিম গোদারপাড়া এলাকার‘
ভাই-বোন চিপস ফ্যাক্টরি’কে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অ[ভিযানের সময়](http://অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, বগুড়ায় কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা)
কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চিপস তৈরি করতে দেখা যায়। চিপস তৈরিতে
খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ‘সাল্টু’ মেশানো হচ্ছিল। এ ছাড়া চিপসে ইন্ডাস্ট্রিয়াল লবণ
ব্যবহার করা হচ্ছিল বলে অভিযানে দেখা যায়।

কারখানার ময়লাযুক্ত পরিবেশে তৈরি চিপস শুকাতে দেওয়া হচ্ছিল। পাশাপাশি সেখানে কর্মরত
কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা দেখা যায়নি।

এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক মোছাম্মৎ রুমীকে জিজ্ঞাসাবাদ করা হলে
তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী
তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে
অভিযানটি পরিচালিত হয়। এ সময় বগুড়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাখাওয়াত 
হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
