# আয়-ব্যয় প্রকাশ্য, অপপ্রচার ভিত্তিহীন: শেরপুরে জি এম সিরাজ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/
- Published: 2026-02-06T18:54:29+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি :**
বগুড়া -৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী
আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বলেছেন, তার আয়-ব্যয়ের সব তথ্য প্রকাশ্য এবং তাকে নিয়ে সামাজিক
যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার
খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে
খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।

গোলাম মোঃ সিরাজ বলেন, “আমরা নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর 
ওপর আস্থা রাখি। সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেবো।”

তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণখেলাপির অপপ্রচারের প্রসঙ্গে তিনি বলেন, “ফেসবুকে
অপপ্রচার চলছে, কিন্তু মানুষ সত্য জানে। বেশিরভাগ মন্তব্যই আমার পক্ষে যায়। সিরাজ ফোটকাবাজি
করে না, ধান্দাবাজ নয়।”

প্রতিপক্ষ প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, “আমাকে ডিসকোয়ালিফাইড করে অ[টো পাস নেওয়ার](https://dailybogratimes.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/)
চেষ্টা করলে সেটা সফল হবে না। আমি প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা
করেছি। প্রায় ১৮টি প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে।”

তিনি আরও বলেন, “আমি হালাল উপার্জনের মানুষ। সরকারকে নিয়মিত সর্বোচ্চ কর দেই বলেই ধনীদের
তালিকায় আমার নাম এসেছে। আমার আয়-ব্যয় গোপন নয়, সব প্রকাশ্য।”

নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “এই নির্বাচন নেতার খেলা নয়, এটা
জনগণের খেলা। অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম 
বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি
ইনসান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক 
কাউসার আলী কলিংস, খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক
দলের আহ্বায়ক সাইদুল ইসলাম সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
