প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
ইরানের ভূখণ্ড থেকে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি হামলার খবরকে ‘সাজানো’ বলে উড়িয়ে দিয়েছে। এসব দেশের দিকে ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ শুরু করা হয়নি বলে জানিয়েছে তেহরান।
আজ সোমবার (৯ মার্চ) তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই কথা বলেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ইসমাইল বাঘাই ইঙ্গিত দেন, হামলার অভিযোগ ‘সাজানো’ হতে পারে। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার কাহিনি সাজিয়ে থাকতে পারে।’
ইরানের অবস্থান স্পষ্ট করে বাঘাই বলেন, ‘আমরাই এই যুদ্ধ শুরু করিনি বা উসকানি দিইনি। এটি কোনো পছন্দের যুদ্ধ নয়। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রয়োজনের যুদ্ধ।’
সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত এ ধরনের বিষয়ে আলোচনা ‘প্রাসঙ্গিক নয়’। এই মুহূর্তেও সামরিক সংঘর্ষ চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘এই নির্দিষ্ট সময়ে আমাদের মাতৃভূমি রক্ষার বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলা প্রাসঙ্গিক নয়।’
Copyright © 2026 Bogra Times | বগুড়া টাইমস. All rights reserved.