# ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/
- Published: 2026-03-20T16:01:10+06:00
- Author: বার্তা বিভাগ

[[

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক
রহমান। এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় হবে 
বলে প্রত্যাশা করেছেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার
কথা জানান তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে
জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের
একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর [আমাদের জী](http://ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা)
বনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।’

তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা
দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর
মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি,
পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব,
ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান
জানায়।

তিনি বলেন, ‘এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের
পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।’
পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও
সুদৃঢ় করুক—এই প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে
একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

তিনি আরও বলেন, ‘আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি—তিনি যেন পবিত্র ঈদুল
ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ 
ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর 
কল্যাণ নিশ্চিত করুন।’
