# উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট বন্ধ করতে হবে: এমপি সিরাজ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b2/
- Published: 2026-11-08T16:31:35+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লুটপাট ও দুর্নীতির সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন বগুড়া-
৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। তিনি বলেছেন, ১০ টাকার প্রকল্পে ৫ থেকে ৮ টাকা
চুরি হওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। উন্নয়ন হতে হবে দুর্নীতিমুক্ত।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুরে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ভবনটি
নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরলসভাবে কাজ করছেন। তাঁর কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনকে
সমন্বি[তভাবে কাজ কর](https://dailybogratimes.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b2/)
তে হবে। পাঁচ বছরের সময়কে পাঁচ মাস মনে করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে সাধারণ
মানুষের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে যাওয়া কঠিন ছিল। এখন
প্রশাসনের কর্মকর্তারা মানুষের সঙ্গে মিশছেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন। এই 
সম্পর্ক আরও আন্তরিক করতে হবে।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে সংসদ সদস্য বলেন, শেরপুর, গাবতলী ও বগুড়া সদরে
জামায়াতের শক্ত ভোটব্যাংক রয়েছে। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মেধা, বুদ্ধি ও
কৌশল দিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে।

শেরপুর পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শেরপুর একটি প্রাচীন পৌরসভা। এটিকে আধুনিক
শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের চেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত বরাদ্দ ও অর্থায়ন।

অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, প্রধান নির্বাহী
কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল
ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী,
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং সাংগঠনিক
সম্পাদক মামুনুর রশিদ আপেল বক্তব্য দেন।
