
ডেস্ক নিউজ: বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে দেশে গত এক বছরে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৮৫ জনের মৃত্যু এবং ২৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সারাদেশে এসব অগ্নিকাণ্ডে এক বছরে প্রায় ৫৬৯ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৮৬৪ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যমে ৩ হাজার ২৬৩ কোটি ৬২ লাখ ১ হাজার ৯১৬ টাকার সম্পদ রক্ষা করেছে বলে দাবি করা হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, ২৭ হাজার ৫৯টি আগুনের ঘটনার মধ্যে ৯ হাজার ৩৯২টি বা ৩৪.৭১% ক্ষেত্রে কারণ ছিল বৈদ্যুতিক গোলযোগ। বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪ হাজার ২৬৯টি বা ১৫.৭৮% আগুন লেগেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া চুলা থেকে ২ হাজার ৯০৯টি (১০.৭৫%), গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ৯২০টি (৩.৪০%), গ্যাস সরবরাহ লাইন লিকেজ থেকে ৫৬২টি (২.০৮%) আগুনের ঘটনা ঘটেছে।
২০২৫ সালে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাসাবাড়ি বা আবাসিক ভবনে। সারাদেশে এরকম ঘটনার সংখ্যা ৮ হাজার ৭০৫টি, যা মোট অগ্নিকাণ্ডের ৩২.১৭ শতাংশ। এছাড়া খড়ের গাদায় ৩ হাজার ৯২২টি, দোকানে ১ হাজার ৮০০টি, হাট-বাজারে ১০৬৭টি, শপিং মলে ৬১৭টি, পোশাক শিল্প প্রতিষ্ঠানে ৬৬৫টি আগুনের ঘটনা ঘটেছে।
পরিবহন খাতের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে সারাদেশে বাসে ১৫৩টি আগুনের ঘটনা ছিল। এছাড়া অন্যান্য যানবাহনে ২১৬টি, ট্রেনে ১০টি, লঞ্চে ৪টি, জাহাজে ২টি এবং ১টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুনের ঘটনা ঘটেছে।
২০২৫ সালে ফায়ার সার্ভিস ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছে। ওই বছর ১ হাজার ২৩৯টি বাস, ১ হাজার ৮৯টি ট্রাক ও ১ হাজার ৭৩২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। বাস দুর্ঘটনায় ২৮৯ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৩৪ জন আহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৩ জনের মৃত্যুসহ আহত হয়েছেন ২ হাজার ১৯০ জন।
অগ্নি নিরাপত্তা জরিপের আওতায় ফায়ার সার্ভিস সারা বছরে ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করেছে। যার মধ্যে ৩ হাজার ৩১৬টি ভবন ‘ঝুঁকিপূর্ণ’, ৬২২টি ভবন ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও ৬ হাজার ৫৯৫টি ভবন ‘সন্তোষজনক’ বলে চিহ্নিত করা হয়েছে।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন সদস্যের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছেন। গড়ে দিনপ্রতি ৭৫টি অগ্নিদুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় ব্যাপক সম্পদ রক্ষা পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।