
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার প্রায় ৪৬৯ বছরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলায় অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের কঠোর অবস্থানের মধ্যে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামে শেরপুর-নন্দীগ্রাম সড়কের উত্তর পাশে বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মো. আবু তালেব (৩৪), মো. কাইয়ুব মিয়া (৫০) ও মো. ওলিউল্লাহ (২০) নামে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
এ ছাড়া দুবলাগাড়ী বাজারের রাহুল আইটির পাশের একটি ফাঁকা স্থানে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম সরদার (৫৫) ও মো. আব্দুর রাজ্জাক (৪৮) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মেলায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ মেলায় জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এবার মেলার পরিবেশ অনেকটা স্বাভাবিক রয়েছে। তাঁদের দাবি, রানীরহাট মেলার পর কেল্লাপোষী মেলাতেও সেই ইতিবাচক পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলাকে ঘিরে বিপুল মানুষের সমাগম ঘটেছে। তবে মেলার আড়ালে কিছু অসাধু ব্যক্তি জুয়ার আসর বসিয়ে পরিবেশ নষ্টের চেষ্টা করছিল। পুলিশের অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন বলেন, “মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”