
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের একটি সংবেদনশীল সামরিক স্থাপনার ওপর অজ্ঞাত পরিচয়ের একটি ড্রোন শনাক্ত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি শনাক্ত করা হয় ফোর্ট ম্যাকনায়ার সেনাক্যাম্পের ওপর। এই ক্যাম্পেই বসবাস করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ড্রোনটির উপস্থিতি টের পাওয়ার পর থেকেই উচ্চপর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং দুই শীর্ষ কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ড্রোনটির উৎস বা এটি কোনো হামলার অংশ কিনা, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন হুমকির ইঙ্গিত বহন করছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে এ ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম একটি দেশ হিসেবে বারবার চিহ্নিত করে আসছিল। এর আগে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) সতর্ক করে দিয়েছিল যে, ইরানের ওপর মার্কিন আগ্রাসন শুরু হলে ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটতে পারে।
তবে বর্তমান ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ওয়াশিংটনের এই সামরিক ঘাঁটির আকাশসীমায় অজ্ঞাত ড্রোনের উপস্থিতি প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ঘটনাটি তদন্ত করছে পেন্টাগন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।