কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই খাদ্য উৎপাদন-বিপণনের অভিযোগে দুটি বেকারিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার দামাই এলাকায় ‘মোল্লা বেকারি’ ও ‘নিউ ভাই-বোন বেকারি’তে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
অভিযানকালে কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পাখির বিষ্ঠাযুক্ত টেবিলে বেকারি পণ্য তৈরি, মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, প্রয়োজনীয় মানসনদ ছাড়া খাদ্য উৎপাদন ও বিপণন এবং পোড়া তেল ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পত্রিকার কালিযুক্ত কাগজ ব্যবহার করে কেক তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার বিষয়ও পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় ‘মোল্লা বেকারি’কে ৫ হাজার টাকা এবং ‘নিউ ভাই-বোন বেকারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠান দুটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, কাহালুর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল মুমিন, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় কাহালু থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির মালিককে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতের নির্দেশনা দেওয়া হয়।