
কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 'ভুলবশত' গুলিতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে, এই বিমানগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ব্যাপক হামলার সময় কুয়েতে যৌথ অভিযানে অংশ নেওয়া তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান দুর্ঘটনাবশত কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ধ্বংস হয়। ইরানি বিমান বাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবিলায় মিশনে ছিল বিমানগুলো।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান এই সংঘাতে এই প্রথম ইরানের পুরনো বিমান বহরকে সরাসরি লড়াইয়ে অংশ নিতে দেখা গেলো।
ভাগ্যক্রমে, বিধ্বস্ত বিমানগুলোর ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করে নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী।
ঘটনার পর কুয়েত সরকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বীকার করেছে এবং দুঃখ প্রকাশ করেছে। অপরদিকে, মার্কিন সামরিক বাহিনী কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
তবে এই ঘটনায় ভিন্ন চিত্র তুলে ধরেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, তারা কুয়েতে অবস্থানরত মার্কিন বিমানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং একটি বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই দাবির সপক্ষে বিস্তারিত কোনও তথ্য বা প্রমাণ তারা এখনও প্রকাশ করেনি।