
আন্তর্জাতিক ডেস্ক, ১৯ মার্চ: পবিত্র মাস রমজান শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব, তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ। তবে চাঁদ দেখার ভিন্নতা ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব-নিকাশের কারণে দেশগুলোতে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপিত হবে।
বুধবার (১৮ মার্চ) বিভিন্ন দেশের গণমাধ্যম ও সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। ভৌগোলিক অবস্থান ও বৈজ্ঞানিক গণনার ভিন্নতার কারণে তারিখে এই ভিন্নতা দেখা দিয়েছে, যা চাঁদ পর্যবেক্ষণের মাধ্যমে নতুন মাসের শুরু নির্ধারণের ইসলামি ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে শুক্রবার ঈদ
মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি দেশে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরব ও কাতারের কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার হবে শাওয়ালের প্রথম দিন, অর্থাৎ ঈদুল ফিতর।
সংযুক্ত আরব আমিরাতও নিশ্চিত করেছে যে বুধবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০ দিনের রমজান শেষ হচ্ছে এবং শুক্রবার ঈদ উদযাপিত হবে। অপরদিকে বাহরাইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
তুরস্ক ও অস্ট্রেলিয়ায়ও শুক্রবার ঈদ
তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাদের জ্যোতির্বিজ্ঞানিদের হিসাব অনুযায়ী, সেক্ষেত্রে শুক্রবার হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং সেদিনই ঈদ উদযাপন করবেন দেশটির মুসলমানরা।
অস্ট্রেলিয়ায়ও শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে চাঁদ দেখার দায়িত্বে থাকা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার ও বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।
সিঙ্গাপুরে শনিবার ঈদ
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে ঈদ উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার হবে শাওয়ালের প্রথম দিন, যেদিন ঈদুল ফিতর উদযাপন করবেন সিঙ্গাপুরের মুসলমান সম্প্রদায়।
বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখ নির্ধারণে এই ভিন্নতা দেখা দিলেও মুসলিম সম্প্রদায়ের মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের কোনো কমতি নেই। প্রতিটি দেশেই নিজ নিজ সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ধর্মীয় মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।