# খাদ্যে ভেজালের তথ্য দিলে মিলবে জরিমানার ২৫ শতাংশ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/
- Published: 2026-11-26T20:27:28+06:00
- Author: বার্তা বিভাগ

[[

নিউজ ডেস্ক: খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ও অনিয়ম ঠেকাতে নাগরিকদের সম্পৃক্ত
করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের প্রস্তাব
করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, খাদ্যে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে
সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা যাবে।
আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে দেওয়া হবে অভিযোগকারীকে।

ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যপত্রে
আইনের প্রস্তাবিত সংশোধনীর এসব তথ্য উঠে এসেছে। এর আগে স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন
সংশোধনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু, খাদ্যমন্ত্রী
আফরোজা খানম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা
এবং কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত সংশোধনীতে খাদ্য উৎপাদন, আমদানি, রপ্তানি, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিপণনের
ক্ষেত্রে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি খাদ্য ব্যবসার নিবন্ধন, লাইসেন্স 
প্রদান এবং ঝুঁকিভিত্তিক পরিদর্শন কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

আইনের নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো খাদ্য ব্যবসায়ী একাধিকবার দণ্ডিত হলে, কর্তৃপক্ষের
নোটিশের নির্দেশনা নির্ধারিত সময়ে পালন না করলে কিংবা কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমে
জনস্বাস্থ্যের জন্য জরুরি ঝুঁকি তৈরি হলে ব্যবসা বন্ধের নির্দেশ দিতে পারবে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ।

খাদ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। আমদানিকৃত
খাদ্যের জন্য ‘ফুড সেফটি সার্টিফিকেট’ এবং রপ্তানিযোগ্য খাদ্যের জন্য ‘হেলথ সার্টিফিকেট’
বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এ ছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ, মানবস্বাস্থ্যের জন্য
ঝুঁকিপূর্ণ এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়া খাদ্যপণ্য জব্দ করার ক্ষমতাও অন্তর্ভুক্ত করার
প্রস্তাব রয়েছে।

বিদ্যমান ‘বিশুদ্ধ খাদ্য আদালত’-এর নাম পরিবর্তন করে ‘নিরাপদ খাদ্য আদালত’ করার প্রস্তাব
করা হয়েছে। কয়েকটি অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান বাদ দিয়ে
সর্বোচ্চ শাস্তির সীমা নির্ধারণের কথাও বলা হয়েছে। এ ছাড়া ফুড সেফটি অডিটিং ফার্ম নিবন্ধন,
কর্তৃপক্ষের নিজস্ব আয় তহবিলে জমা এবং সদস্যসংখ্যা চারজন থেকে বাড়িয়ে ছয়জন করার প্রস্তাব
রয়েছে।

নয় মাসে ৬১৮ খাদ্য নমুনায় ক্ষতিকর উপাদান

স্থায়ী কমিটির প্রতিবেদনে খাদ্যে ভেজালবিরোধী অভিযানের একটি চিত্র তুলে ধরা হয়েছে। 
এতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু খাদ্য উৎপাদনস্থল ও কারখানায়
১৪৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৩৭টি মামলায় মোট ১ কোটি ৯৫ লাখ
৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সময়ে সরকার স্বীকৃত পরীক্ষাগারে ১ হাজার ৬১৭টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর 
মধ্যে ৬১৮টি নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর উপাদান পাওয়া যায়। পরীক্ষার
ফলাফলের ভিত্তিতে ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, শিশুখাদ্য, চকলেট, বেভারেজ ও পাউডার
দুধসহ ৩৭ ধরনের নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, ফেব্রুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৪৫৪টি মোবাইল কোর্ট
পরিচালনার তথ্য জানানো হয়েছে। একই সময়ে ৭৬টি সামারি ট্রায়ালের মাধ্যমে ১ কোটি ৭৫ লাখ
টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া বিশুদ্ধ খাদ্য আদালতে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরীক্ষাগার, মোবাইল
ল্যাব ও মিনি ল্যাবের মাধ্যমে খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করছে। পাশাপাশি খাদ্যকর্মী,
শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা 
হচ্ছে।

প্রস্তাবিত আইনটি কার্যকর হলে খাদ্যে ভেজাল শনাক্তে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে 
বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অভিযোগ প্রমাণিত হলে জরিমানার অর্থের একটি অংশ
পাওয়ার বিধান থাকায় অনিয়মের তথ্য কর্তৃপক্ষকে জানাতে মানুষ উৎসাহিত হতে পারেন। তবে 
এসব বিধান এখনো সংশোধনীর প্রস্তাব পর্যায়ে রয়েছে।
