
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কারণেই গাজায় গণহত্যা চালাতে সক্ষম হয়েছে ইসরাইল। শুক্রবার জার্মানির মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা প্রসঙ্গে কর্টেজ বলেন, "আমি মনে করি, নিঃশর্ত সহায়তার ধারণা অর্থহীন। এই সহায়তার মাধ্যমেই ইসরাইল গাজায় গণহত্যা চালিয়েছে এবং হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছে—যা সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব ছিল।"
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কর্টেজ বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থীর উচিত হবে ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার নীতি পুনর্বিবেচনা করা।
তিনি আরও বলেন, "আমার কাছে এটি কেবল প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় নয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। আমাদের নিজস্ব আইন অনুযায়ী, যখন আপনি গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেখবেন, তখন শর্ত সাপেক্ষে সহায়তা দেওয়া প্রয়োজন।"
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: দ্য গার্ডিয়ান