বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাবতলী থানারোডের নিউ মডেল দই ঘরকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই দই বিক্রি ও বিতরণের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যাবাড়ী এলাকার খাদিজা ফিলিং স্টেশনকে স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ছাড়াই জ্বালানি তেল বিক্রি ও বিতরণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া।