# ‘গুম-খুনের রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ, এনাফ ইজ এনাফ’: প্রধানমন্ত্রী

- Link: https://dailybogratimes.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0/
- Published: 2026-11-19T17:28:25+06:00
- Author: বার্তা বিভাগ

[[

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান
বলেছেন, দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। খুনী ও সন্ত্রাসীদের
ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। এ ক্ষেত্রে ‘এনাফ ইজ এনাফ’(
যথেষ্ট হয়েছে, আর নয়) বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’
কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে [গেছে, সেই দেশ](https://dailybogratimes.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0/)
ই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র
শুরু করেছে। তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু জনগণ তাদের আবার গুম-খুনের 
রাজনীতি করার অধিকার দেবে না।

চব্বিশের মতো সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,
দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে ফ্যাসিবাদবিরোধী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 
সন্ত্রাসী, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।

সরকার যখন সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারী সন্ত্রাসী মহল জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে
১৬ বছর দেশ শাসন করেছে। এ সময়ে মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ডামি নির্বাচন চায় না।
জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশকে আবারও গুম-খুন ও দমন-পীড়নের রাজনীতিতে
ফিরিয়ে নেওয়ার চেষ্টা প্রতিহত করতে হবে।

এ সময় উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন
তারেক রহমান। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস
সংযোগ দেওয়া হবে। এর ফলে এ অঞ্চলে কলকারখানা গড়ে উঠবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ
সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
