
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সৈকত হোসেনের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে উপস্থিত ছাত্ররা ও স্থানীয় জনতা তাকে আটকে রেখে মারধর করে। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে অষ্টম শ্রেণির একাধিক ছাত্রীর কাছে ফেসবুক ম্যাসেঞ্জারে অশালীন প্রস্তাব ও প্রেমের বার্তা পাঠানো হয়। এসব বার্তা পাঠানো হয় স্কুলের দপ্তরি সৈকত হোসেনের আইডি থেকে। বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে বিদ্যালয়ে উপস্থিত ছাত্ররা ও এলাকাবাসী তাকে ঘেরাও করে মারধর শুরু করে। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হলে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও থানায় খবর দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অভিযুক্ত দপ্তরি সৈকত হোসেনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অভিযুক্তের দাবি আইডি হ্যাক:
এ বিষয়ে বিদ্যালয়ের দপ্তরি (অফিস সহায়ক) মো. সৈকত হোসেন বলেন, 'আমি এসব বার্তা পাঠাইনি। চার থেকে পাঁচ মাস আগে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পরে বিদ্যালয়ের অফিস সহকারী ও শিক্ষকদের সহায়তায় আইডিটি পুনরুদ্ধার করি। আজকে আমাকে যে হেনস্তা করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণীত। সঠিক তদন্ত হলে আমি নির্দোষ প্রমাণিত হব।'
শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক:
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা জানান, একই স্কুলে বারবার এমন ঘটনা ঘটলে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 'এভাবে চলতে থাকলে আমাদের মেয়েদের স্কুলে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি,' বলেন এক অভিভাবক।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পদক্ষেপ:
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, 'ঘটনাটি শোনার পর আমি বিদ্যালয়ে যাই। আগামীকাল ইউএনও স্যারের নির্দেশে এ বিষয়ে সভা ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।'
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, 'ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের পাঠানো বার্তার স্ক্রিনশট দেখেছি। বিষয়টি অত্যন্ত গুরুতর। আগামীকাল বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। চাকরিবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।'