# ছোট মাছ, তেলাপিয়া ও কার্প চাষে সাফল্য, সম্মাননা পেলেন তিনজন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa/
- Published: 2026-08-16T18:19:50+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:** জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার তিন 
সফল মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন
করে। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের আগে মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা 
বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের মৎস্যপক্ষ 
চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

সম্মাননা পাওয়া তিন মৎস্যচাষি হলেন মির্জাপুরের জাহিদুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের
আবদুর রাজ্জাক এবং সীমাবাড়ী ইউনিয়নের হামিদুল হক সরকার। দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে
সাফল্যের জন্য জাহিদুল ইসলাম, মনোসেক্স তেলাপিয়া চাষে আবদুর রাজ্জাক এবং কার্পজাতীয়
মাছ চাষে সাফল্যের জন্য হামিদুল হক সরকারকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া মৎস্যপক্ষের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষ[দের পুকুরে](http://ছোট মাছ, তেলাপিয়া ও কার্প চাষে সাফল্য, সম্মাননা পেলেন তিনজন)
৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক
মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,
হাসানুল মারুফসহ অন্যরা।

বক্তারা বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মৎস্যচাষে চাষিদের
উৎসাহিত করতে হবে। দেশের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখছে।
