
ডেস্ক প্রতিবেদক
নির্বাচনী এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহি নিশ্চিত করতে ব্যতিক্রমী এক 'লাইভ ক্লাস' চালু করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে ডিজিটাল বোর্ডে স্লাইড দেখিয়ে তিনি তাঁর কার্যক্রমের পূর্ণাঙ্গ হিসাব তুলে ধরেন।
এই ব্যতিক্রমী আয়োজনে তিনি তাঁর সংসদীয় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সেবার বিস্তারিত খতিয়ান উপস্থাপন করেন। দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণসামগ্রী বিতরণের ওয়ার্ডভিত্তিক পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন তিনি।
প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি 'কমিশনমুক্ত ব্যবসার' নিশ্চয়তা প্রদান করেন। লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত 'জুলাই সনদ' বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
স্বচ্ছতা ও জবাবদিহির এই ধারাবাহিকতা রক্ষায় হাসনাত আব্দুল্লাহ 'জবাবদিহিতা' নামের একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দেন। তিনি জানান, এখন থেকে এই পেজের মাধ্যমে তাঁর আসনের সব কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি উন্নয়ন কাজের আর্থিক ও কাঠামোগত হিসাব 'পাই টু পাই' জনগণকে বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই 'স্কুল অব এক্সিলেন্স' নামক প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও ডিজিটাল বোর্ডে সেই চেনা শিক্ষকের রূপেই কাজের হিসাব দেওয়ায় তাঁর এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
সাধারণ মানুষ এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে অন্য জনপ্রতিনিধিদের কাছ থেকেও এমন জবাবদিহির প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত লাইভ ভিডিওটির পরিসংখ্যানে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভিডিওটি এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে। দর্শক প্রতিক্রিয়ার ক্ষেত্রে ৪ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন এবং ৩৪ হাজার ৪০০-এর বেশি মন্তব্য জমা পড়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ৭১ হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে।