bogra times Add
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। ফলে সড়ক, রেল ও নৌ-এই তিন পথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৬ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা ও হতাহতের চিত্র

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ এবং মোট নিহতের ৪০.৮৪ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সর্বনিম্ন ২৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হন।

হতাহতদের পরিচয়

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৩১ জন চালক, ৮৯ জন পথচারী, ৭৯ জন শিক্ষার্থী, ৬২ জন নারী, ৬৭ জন শিশু ও ৫৩ জন পরিবহন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন:

  • ১২৭ জন চালক

  • ৮৯ জন পথচারী

  • ৫৪ জন নারী

  • ৪৮ জন শিশু

  • ৫৭ জন শিক্ষার্থী

  • ২১ জন পরিবহন শ্রমিক

  • ৮ জন শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ

দুর্ঘটনায় জড়িত যানবাহন

এই সময়ে দুর্ঘটনায় জড়িত ৮২৯টি যানবাহনের মধ্যে:

  • ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল

  • ২৩.৬৪ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরি

  • ১৪.৩৫ শতাংশ বাস

  • ১৩.৬৩ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক

  • ৫.৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা

দুর্ঘটনার ধরন ও স্থান

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়:

  • ৪৮.৩৬ শতাংশ ক্ষেত্রে গাড়িচাপা

  • ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ

  • ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে

এছাড়া ৪২.৫৭ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৪.০৯ শতাংশ ফিডার সড়কে ঘটেছে।

দুর্ঘটনার কারণ ও সুপারিশ

সংগঠনটি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় নীতিগত দুর্বলতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল, ব্যাটারিচালিত অটোরিকশা ও নছিমন-করিমনের নিয়ন্ত্রণহীন চলাচল এবং মহাসড়কে পর্যাপ্ত রোড সাইন ও ডিভাইডারের অভাবকে দায়ী করেছে।

দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি বেশ কয়েকটি সুপারিশ করেছে:

  • উন্নত দেশের নীতি অনুসরণ

  • দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ

  • ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান

  • সিসিটিভির মাধ্যমে আইন প্রয়োগ

  • মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী পারাপারের ব্যবস্থা

  • আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা

  • নিয়মিত রোড সেফটি অডিট চালু করা