# জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত

- Link: https://dailybogratimes.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d/
- Published: 2026-02-22T14:20:35+06:00
- Author: বার্তা বিভাগ

[[

জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন বলে
জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত
ও ২৮ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। ফলে
সড়ক, রেল ও নৌ-এই তিন পথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৬ জনের এবং আহত হয়েছেন 
১ হাজার ২৩৮ জন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার
সংবাদ মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

## মোটরসাইকেল দুর্ঘটনা ও হতাহতের চিত্র

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত
হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ এবং মোট নিহতের ৪০.৮৪ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১[৩২টি সড়ক দুর্ঘ](http://জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত)
টনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সর্বনিম্ন ২৯টি দুর্ঘটনায়
২৮ জন নিহত ও ৬৩ জন আহত হন।

## হতাহতদের পরিচয়

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৩১ জন চালক, ৮৯ জন পথচারী, ৭৯ জন শিক্ষার্থী, 
৬২ জন নারী, ৬৭ জন শিশু ও ৫৩ জন পরিবহন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন:

 * ১২৭ জন চালক
 * ৮৯ জন পথচারী
 * ৫৪ জন নারী
 * ৪৮ জন শিশু
 * ৫৭ জন শিক্ষার্থী
 * ২১ জন পরিবহন শ্রমিক
 * ৮ জন শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ

## দুর্ঘটনায় জড়িত যানবাহন

এই সময়ে দুর্ঘটনায় জড়িত ৮২৯টি যানবাহনের মধ্যে:

 * ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল
 * ২৩.৬৪ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরি
 * ১৪.৩৫ শতাংশ বাস
 * ১৩.৬৩ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক
 * ৫.৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা

## দুর্ঘটনার ধরন ও স্থান

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়:

 * ৪৮.৩৬ শতাংশ ক্ষেত্রে গাড়িচাপা
 * ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ
 * ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে

এছাড়া ৪২.৫৭ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৪.০৯ 
শতাংশ ফিডার সড়কে ঘটেছে।

## দুর্ঘটনার কারণ ও সুপারিশ

সংগঠনটি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় নীতিগত দুর্বলতা, অদক্ষ
চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল,
ব্যাটারিচালিত অটোরিকশা ও নছিমন-করিমনের নিয়ন্ত্রণহীন চলাচল এবং মহাসড়কে পর্যাপ্ত রোড
সাইন ও ডিভাইডারের অভাবকে দায়ী করেছে।

দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি বেশ কয়েকটি সুপারিশ করেছে:

 * উন্নত দেশের নীতি অনুসরণ
 * দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ
 * ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান
 * সিসিটিভির মাধ্যমে আইন প্রয়োগ
 * মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী পারাপারের ব্যবস্থা
 * আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা
 * নিয়মিত রোড সেফটি অডিট চালু করা
