# তিশা-অথৈ বিরোধ: ‘চড় মারার’ ঘটনায় বিবৃতি দিল অভিনয়শিল্পী সংঘ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a5%e0%a7%88-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/
- Published: 2026-03-04T23:10:25+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বিনোদন প্রতিবেদক**

অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং
চলাকালে সবার সামনে তাকে মারধরের অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান 
নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ না করতেও তিশা নাকি বলেছেন—এমন দাবি করেছেন সামিয়া।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন সামিয়া অথৈ। তার ভাষ্য, 
মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে তাকে চড় মারেন তানজিন তিশা। তবে তিশার দাবি, 
চরিত্রের প্রয়োজনেই তিনি এ কাজ করেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। এর মধ্যে বুধবার সকালে
বিবৃতি দিয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

**‘সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রায়াল নয়’**

সামিয়া অথৈ ও তানজিন তিশার মধ্যকার ঘটনাটিকে ইঙ্গিত করে সংগঠনটি বলেছে, ‘কোনো সদস্যের
সঙ্গে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু
সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির
পরিপন্থী।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর [পারস্পরিক আলো](https://dailybogratimes.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a5%e0%a7%88-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/)
চনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে 
আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে
তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে
পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।’

সংগঠনটি আরও জানায়, উল্লিখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে
সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে
বিশ্বাস করে, দোষী যে-ই হোন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে “ট্রায়াল” বা জনমতের আদালত
তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও 
ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব।’

**অভিযোগ ও প্রতিউত্তর**

ফেসবুক লাইভে সামিয়া অথৈ অভিযোগ করেন, ‘একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে আমার চড়
মারার দৃশ্য ছিল। গল্পে তিশার চরিত্রটি পাগলের। পরিচালক আমাকে বুঝিয়ে দিয়েছেন চড় মারার
দৃশ্যটি। আমি একদমই আলতোভাবে তাকে চড় মারি; কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র
শিল্পী আমাকে পাল্টা চড় মেরেছেন। শুধু তা-ই নয়, শুটিংয়ে সবার সামনে একের পর এক মেরেছেন।’

অভিযোগের বিষয়ে তানজিন তিশার ভাষ্য, ‘যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা
প্লে করছি; এখানে আমি একজন স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছি। যে তার চরিত্রের 
প্রয়োজনে কাউকে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে।
কাজটি মুক্তি পেলেই আপনারা দেখতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

নাটকের পরিচালক রাফাত মজুমদার জানান, নাটকের একটি দৃশ্যে চড় মারার ঘটনা ছিল। চরিত্রের
প্রয়োজনে দৃশ্যটি রাখা হয়। তিনি বলেন, ‘দুজন দুজনকে আস্তে করে চড় দিতে গিয়েই হয়তো কেউ
বলেছে, জোরে লেগেছে। দুজন দুজনকে চড় দিতে গিয়েই ভুল–বোঝাবুঝি হয়েছে।’
