
তুরস্ক ও সৌদি আরব প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরো জোরদার করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কায়রো সফর শেষে দেশে ফেরার পথে তিনি এ কথা বলেন। তিনি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্টেলথ যুদ্ধবিমান ‘কান’ এর প্রশংসাও তুলে ধরেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘কান নিয়ে আমরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। এ খাতে সৌদি আরবের সঙ্গে আমাদের যৌথ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এবং যেকোনো সময় এই অংশীদারি বাস্তবায়ন করা যেতে পারে।’
প্রেসিডেন্ট এরদোয়ান আরও জানান, আঙ্কারা ও রিয়াদ ইতিমধ্যে একটি ‘গুরুত্বপূর্ণ’ প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এবং তুরস্ক এই সহযোগিতা আরও সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।
এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমেই পরিস্থিতির সমাধান হবে এবং আলোচনার টেবিল প্রতিষ্ঠার ওপর জোর দেন।
গাজা পরিস্থিতি নিয়ে এরদোয়ান বলেন, গাজায় শান্তি পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত।
সূত্র: আনাদোলু এজেন্সি