দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় পানির ট্যাংক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ও একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিএসটিআই সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর এলাকায় মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মান সনদ না নিয়ে ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও বিক্রি করছিল। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া চৌমুহনী বাজারদিঘী এলাকার মেসার্স তাওসিফ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। অভিযানে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দুপচাঁচিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।