
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার মাতৃ জুয়েলার্সকে ১৫ হাজার টাকা এবং রিপন হোটেলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া পৌর এলাকার মেসার্স মাতৃ জুয়েলার্সে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ ছিল না। পাশাপাশি মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মাস্টারপাড়া এলাকার রিপন হোটেলে অভিযান চালিয়ে খাদ্য তৈরিতে নিষিদ্ধ কাঁচামাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে জিলাপি, সিঙ্গারা, মিষ্টি, খিরসাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের পরিবেশও অত্যন্ত নোংরা ছিল বলে অভিযানে দেখতে পাওয়া যায়।
এসব অপরাধে রিপন হোটেলকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দুপচাঁচিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।