
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা থানা এলাকায় কিছুদিন ধরে সংঘটিত ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে চারটি চোরাই পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক অভিযানে মান্দা উপজেলার দাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৫) নামে এক চোরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রাম থেকে অপর আসামি লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেনকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা আরও কয়েকটি ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির তথ্য স্বীকার করে। পরে তাদের দেখানো মতে অভিযান চালিয়ে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাই পাওয়ার টিলার আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।
পাওয়ার টিলার হারানোর অভিযোগকারী দুই বাদী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের হারানো পাওয়ার টিলার ফিরে পাওয়ায় সংসারের চাকা সচল হবে। কৃষিনির্ভর মান্দা এলাকায় কৃষি কাজের জন্য অপরিহার্য পাওয়ার টিলার উদ্ধার হওয়ায় স্থানীয় গ্রামবাসীও পুলিশের প্রতি সন্তোষ ও ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।