
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সীমারোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনায় নির্বাচন-পূর্ববর্তী ও নির্বাচনকালীন সময়ে এই বিধিনিষেধ কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (৯৬ ঘণ্টা) মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমিত রাখা হবে। একই সময়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি) লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সময়ে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীকে (এমএফএস প্রোভাইডার) নির্বাচন-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। সকল লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।
এছাড়া, এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে বলা হয়েছে। এই পদক্ষেপ নির্বাচনে টাকার অস্বাভাবিক প্রবাহ ও অপব্যবহার রোধে নেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।