
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এই পথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত চললেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সময় চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়নি। ঝড়-বৃষ্টি বা করোনা মহামারির সময়েও এই সেবা বন্ধ রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই সরকার এই ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচন দিনে কঠোর নিরাপত্তার অংশ হিসেবে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রাখা হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন নিশ্চিত করে বলেন, "সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এবার কোনো বিশেষ ক্ষেত্রেও ইমিগ্রেশন খোলা রাখা হবে না, পুরোপুরি বন্ধ থাকবে।"
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতনও বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে কেন্দ্র করে এই বন্ধের নির্দেশনা সম্বলিত চিঠি তার দপ্তরে পৌঁছেছে।
স্বাভাবিক যাতায়াত:
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।