
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর পরের সাপ্তাহিক ছুটির কারণে তিন দিন বন্ধ থাকার পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য চালু হয়েছে। বন্দরটিতে পণ্য ওঠানামাসহ অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) হিলি বন্দরে সব ধরণের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। এরপর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় বাণিজ্য বন্ধ থাকে। ছুটি শেষে আজ থেকে পুনরায় কার্যক্রম শুরু হলো।
পানামা পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিন হিলি বন্দরে সব কার্যক্রম বন্ধ ছিল। তবে ছুটি শেষ হওয়ায় শনিবার সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোডসহ সব বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।"
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, পণ্য পরিবহন ও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।