# পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের টিকিটের দাম ঘোষণা, সর্বনিম্ন ২০০ টাকা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/
- Published: 2026-03-07T10:09:22+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**ক্রীড়া প্রতিবেদক:**

আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে
সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১, 
১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, দর্শকদের জন্য টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু
হয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। সব শ্রেণীর দর্শক যাতে মাঠে এসে খেলা
উপভোগ করতে পারেন, সেদিকে খেয়াল রেখেই এই দাম নির্ধারণ করা হয়েছে।

এরইমধ্যে বিভিন্ন গ্যালারি ও স্ট্যান্ডের জন্য টিকিটের বিস্তারিত মূল্য তালিকা প্রকাশ
করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় আসন হিসেবে বিবেচিত গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও 
আপার— দুই অংশের জন্যই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

কর্পোরেট ও মিডিয়ার জন্য সংরক্ষিত ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথের টিকিটের 
মূল্য ১ হাজার টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (কর্পোরেট ব্লক) টিকিটের 
দাম ১ হাজার ২০০ টাকা।

শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড নামে পরিচিত ক্লাব হাউস সাউথ ও নর্থের টিকিট পাওয়া
যাবে ৬০০ টাকায়। অন্যদিকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারিতে আসন পেতে খরচ
হবে ৪০০ টাকা।

সবচেয়ে সাশ্রয়ী মূল্যের আসন হলো ইস্টার্ন গ্যালারি, যেখানে মাত্র ২০০ টাকায় খেলা
দেখার সুযোগ পাবেন দর্শকরা।

টিকিট সংগ্রহ করতে চাইলেই আর মাঠে ভিড় করতে হবে না। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে,
পুরো সিরিজের টিকিট কেনা যাবে অনলাইনে। দর্শকরা **[www.gobcbticket.com.bd](https://www.gobcbticket.com.bd/)**
ওয়েবসাইটে গিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর
ঝক্কি এড়াতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে 
মাঠে গড়াচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটিকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু
করে দিয়েছে টাইগার শিবির। আর মাঠে গিয়ে খেলা দেখার অপেক্ষায় রয়েছেন দেশের কোটি 
ক্রিকেটপাগল মানুষ।
