# পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড

- Link: https://dailybogratimes.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be/
- Published: 2026-03-16T16:33:51+06:00
- Author: বার্তা বিভাগ

[[

পাবনায় চাঞ্চল্যকর গৃহবধূ কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী বরখাস্তকৃত সেনা সদস্য
রাকিবুল ইসলামকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) দুপুরে 
পাবনার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় প্রদান করেন।

একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া
হয়েছে। রায় ঘোষণার সময় আসামি রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে
জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর [আগে পাবনার](http://পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড)
বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার
ফেচুয়ান গ্রামের চাঁদু শেখের ছেলে সেনা সদস্য রাকিবুল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের
পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রী কানিজ
ফাতেমাকে মারধর করতেন।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে
হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ 
লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পিতা আব্দুল কাদের বাদী হয়ে ১৫ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা চলাকালীন সেনা সদস্য রাকিবুলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ তদন্ত 
ও শুনানির পর রোববার এই মামলার রায় দেওয়া হয়।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোকিবুল আলম লাবলু এবং বাদীপক্ষে ছিলেন পাবনা
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু।
