(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ফিলিং স্টেশন ও একটি ব্রেড-বিস্কুট কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সারাইগাছী মোড়ের মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদও ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ধরনের অভিযোগে আড্ডা রোডের কাতিপুর, সারাইগাছী মোড় এলাকার মেসার্স নাহার ফিলিং স্টেশনকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে ডিজেল পরিমাপে কম দেওয়ার পাশাপাশি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ না থাকার বিষয়টি পাওয়া যায়।
এ ছাড়া সারাইগাছী বাজারের মেসার্স আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ ছিল না। পাশাপাশি মোড়কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে পণ্য বিক্রি ও বিতরণ করার অভিযোগ পাওয়া যায়।
মোবাইল কোর্টে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
পোরশার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।