bogra times Add
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রকৃত কৃষক শনাক্ত করে সরাসরি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ-

প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের দোরগোড়ায় সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ন্যায্য মূল্য ও সরকারি ভর্তুকি সহজে পান, তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার, বীজ, কীটনাশক ও প্রণোদনার মতো উপকরণ সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সভায় দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ড চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং জাতীয় কৃষক ডাটাবেজ তৈরির অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। কার্ড বিতরণের জন্য একটি স্থায়ী কৃষক তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন। তিনি একটি পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শুরু করে ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণের পরামর্শ দেন।

উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনের আগে কৃষকদের জন্য এমন একটি স্মার্ট কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।