# বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা উৎপাদন, কারখানার মালিকের এক বছরের কারাদণ্ড

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/
- Published: 2026-07-14T23:50:47+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়া প্রতিনিধি:** বগুড়া শহরের একটি ফুচকা তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে 
খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে
প্রতিষ্ঠানটির মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের চেলোপাড়া এলাকায় 
অবস্থিত ‘মুন কাচ্চি অ্যান্ড মুন ফুচকা’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ
আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর
পরিবেশে ফুচকা উৎপাদনের চিত্র পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, ফুচকার ময়দার ডো তৈরির
টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও বিভিন্ন ধরনের ময়লা লেগে রয়েছে। এসব পরিষ্কার না 
করেই একই টেবিলে খাদ্য প্রস্তুতের কাজ চলছিল।

এ ছাড়া খাদ্য প্রস্তুতের সময় নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যব[হারের প্রমাণ পাওয়া যা](http://বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা উৎপাদন, কারখানার মালিকের এক বছরের কারাদণ্ড)
য়। একই সঙ্গে কারখানার কর্মীদের স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা না মেনেই খাদ্য
উৎপাদনে নিয়োজিত থাকতে দেখা যায়, যা নিরাপদ খাদ্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানায় ভ্রাম্যমাণ
আদালত।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাকিব হোসেন আদালতের কাছে অভিযোগের বিষয়গুলো
স্বীকার করেন।

পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে মো. সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা
মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 
জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
