# বগুড়ায় ইঁদুরের পাশে ফুচকা তৈরি, ‘ভাই-বোন’ কারখানায় লাখ টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%81%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%81/
- Published: 2026-08-27T22:56:28+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়া প্রতিনিধিঃ**

বগুড়া শহরের রহমাননগর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরি এবং খাদ্য উপকরণ
সংরক্ষণের অভিযোগে ‘ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে কারখানাটির কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

অভিযানে দেখা যায়, ফুচকা তৈরির টেবিলের পাশেই ইঁদুর ধরে রাখা হয়েছে। কারখানাটির পরিবেশও
ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। উৎপাদিত খাবার কবুতরের খাঁচার পাশে রাখা ছিল। সেখানে
কবুতরের বিষ্ঠা ও পালক খাবারের ওপর পড়ছিল।

এ ছাড়া ফুচকা ও চটপটিতে ব্যবহৃত সস গরম অবস্থায় নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে রাখা
হচ্ছিল। সিদ্ধ ডিম ময়লাযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। সালাদ তৈরিতে পচা গাজর এবং
ফুচকার উপকরণ সিদ্ধ আলু অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ছিল।

অভিযানে এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা দোষ স্বীকা[র করলে ভোক্তা অ](http://বগুড়ায় ইঁদুরের পাশে ফুচকা তৈরি, ‘ভাই-বোন’ কারখানায় লাখ টাকা জরিমানা)
ধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা
হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালত আগামী ১২ দিন কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ 
দেন। এ সময়ের মধ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনমূলক ব্যবস্থা
নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করার পর পুনরায়
উৎপাদন শুরুর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক (সিটি করপোরেশন)
মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায়
দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের
নির্দেশনা দেওয়া হয়।
