
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে জুস উৎপাদনের দায়ে এক কারখানা সুপারভাইজারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নিম্নমানের জুস জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (৬ মে) দুপুর ২টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
অভিযান চলাকালে একটি জুস কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে। সেখানে অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি করা হচ্ছিল। এছাড়া মান নিয়ন্ত্রণকারী সংস্থার পরীক্ষার পর প্রয়োজনীয় মানসনদ গ্রহণ না করেই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল। এমনকি মানসনদ ছাড়াই পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার এবং কোনো ধরনের নিবন্ধন ছাড়া খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫, ৩২(ক), ৩২(খ) ও ৩৯ ধারায় দোষ স্বীকার করায় কারখানার সুপারভাইজার মো. আরিফুর রহমান (৩১)–কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এ সময় কারখানায় মজুত থাকা ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, বগুড়া পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সব ধরনের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।