
বগুড়ায় মসলার গোডাউনে অভিযান চালিয়ে জিরার সঙ্গে সস্তা ক্যারাওয়ে সিড মিশ্রণ ও ভারতীয় ব্র্যান্ডের নামে নকল জিরা মোড়কজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মো. শাহিন আলমের মসলার গোডাউনে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব-১২ সিপিএসসি, বগুড়া যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, আমদানি করা জিরার সঙ্গে তুলনামূলক অর্ধেক দামের ক্যারাওয়ে সিড মিশ্রিত করা হচ্ছে। পরে এই মিশ্রণ ভারতীয় ব্র্যান্ড 'বিটি ডায়মন্ড জিরা'র নকল মোড়কে 'জিরা' নামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করছিল প্রতিষ্ঠানটি।
আরও দেখা যায়, আমদানিতে 'ক্যারাওয়ে সিড' নামে ঘোষণা থাকলেও পলিশ মেশিনে পালিশ করে জিরা বলে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।
এসব অপরাধে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ও ২৬ ধারায় মো. শাহিন আলমের মসলার গোডাউনকে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে।
অভিযানকালে জব্দ করা জিরা-৪২ বস্তা এবং ক্যারাওয়ে সিড-১৮০ বস্তা (খোলা ১২ বস্তাসহ) আমদানিতে প্রদত্ত ঘোষণা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে নির্দেশনা দিয়েছেন আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, অন্যান্য সাপোর্ট স্টাফ এবং র্যাব-১২, সিপিএসসি বগুড়া। অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।