
বগুড়া প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা সংরক্ষণের দায়ে এক মসলার দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ বাজার মনিটরিং অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় এক মসলার দোকানে খোলা ড্রামে মসলা সংরক্ষণ করতে দেখা যায়। ড্রামের ভেতরে ইঁদুরের উপস্থিতি ও মল পাওয়া গেছে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। এতে খাদ্যপণ্যের মান নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল বলে তারা উল্লেখ করেন।
দোকানটিতে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে গাফিলতির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য দোকান মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও বগুড়া জেলা পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।