# বগুড়ায় মেঝেতে পা দিয়ে মাখানো হচ্ছিল চানাচুরের মসলা, লাখ টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9d%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
- Published: 2026-11-26T18:33:49+06:00
- Author: বার্তা বিভাগ

[[

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, পোড়া তেল ব্যবহার এবং মেঝেতে পাখির বিষ্ঠার
মধ্যে খাবার সংরক্ষণের অভিযোগে ‘সাভার ফুড প্রোডাক্টস’ নামের একটি চানাচুর কারখানাকে
এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত
কারখানাটিতে যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার 
সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার যৌথ দল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত এ
অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কারখানাটিতে চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া ময়লা
মেঝেতে চানাচুর ফেলে পা দিয়ে মাড়িয়ে মসলা মেশানো হচ্ছিল। তৈরি খাবার মেঝেতে পাখির বিষ্ঠার
পাশে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। খাদ্য তৈরিতে এসএস স্টিলের ট্রের পরিবর্তে
মেঝে ব্যবহার এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়।

এ সময় কারখানায় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা না থাকা এবং কর্মীদের 
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি উঠে আসে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক 
লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এসআরবি-১২-এর সদস্য
এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন
নিশ্চিত করার নির্দে

শনা দেওয়া হয়।
