# বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3/
- Published: 2026-09-28T19:37:34+06:00
- Author: বার্তা বিভাগ

[[

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরে মেয়াদোত্তীর্ণ হোয়াইট ব্রেড বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা
জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে গুণগত মানসনদ না থাকা ও মিথ্যা তথ্য দিয়ে
ফার্মেন্টেড মিল্ক বিক্রির অভিযোগে আদি মোহাম্মদ আলী দই ঘরকে আরও ১০ হাজার টাকা জরিমানা
করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস
অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা
করা হয়।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, সাতমাথার পুলিশ প্লাজায় স্বপ্ন সুপার
শপে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও হোয়াইট ব্রেড বিক্রয় ও বিতরণের
অভিযোগে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার
টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ঠনঠনিয়া এলাকার আদি মোহাম্মদ আলী দই ঘরে অভিযান চালিয়ে ফার্মেন্টেড মিল্ক পণ্যের
গুণগত মানসনদ না থাকার বিষয়টি পাওয়া যায়। পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে ওই পণ্য বিক্রি
ও বিতরণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার 
টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. কাজিম রেজা চৌধুরী। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড
অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।

বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।
