বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য তৈরি, পোড়া তেলে খাবার প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহারের দায়ে শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বগুড়া মহানগরের বিসিক শিল্পনগরী এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় সামারি ট্রায়াল পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন বগুড়া সদর ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনে লেভেলযুক্ত ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ফ্লেভার ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া খাদ্য উৎপাদনের অন্যান্য উপকরণ লেভেল ও মেয়াদবিহীন অবস্থায় পাওয়া যায়। কারখানার ভাঙা, অপরিষ্কার ও পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি, ভাঙা ও ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারিপণ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে খাবার রেখে মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ড তফসিলে বর্ণিত ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান ও বিচারিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, বগুড়া সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান এবং নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ। এ ছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অন্যান্য সহায়ক কর্মী এবং এসআরবি-১২, বগুড়া ও সদর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।