ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের শাটারের তালা কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন চুরির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া সব কটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
পুলিশ জানায়, ধুনট উপজেলার ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানের শাটারের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন চুরি করা হয়। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ধুনট থানায় মামলা করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৮০ ও ৪৬১ ধারায় করা হয়। মামলার নম্বর ২৬।
ঘটনার পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমের নির্দেশনায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিস্তারিত জানাতে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।