
এনাম হক---
বগুড়ার শেরপুর উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন আবদুল্লাহ আল মামুন। বর্তমানে তিনি ধুনট উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক বদলির আদেশে তাঁকে ধুনট থেকে শেরপুর উপজেলা ভূমি অফিসে পদায়ন করা হয়েছে। গত ১৮ আগস্ট জারি করা ওই আদেশে স্বাক্ষর করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোছা. খাদিজা খাতুন।
বদলির আদেশ অনুযায়ী, ধুনটে দায়িত্ব পালন শেষে আবদুল্লাহ আল মামুন শেরপুর উপজেলা ভূমি অফিসে যোগ দেবেন। তবে তাঁর যোগদানের নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি।
ধুনটে দায়িত্ব পালনকালে সড়ক রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বালুবাহী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে তিনি আলোচনায় আসেন। এ ছাড়া ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাসজমি রক্ষা এবং ভূমিসেবা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুরে যোগদানের পর তিনি ভূমি-সংক্রান্ত সেবা আরও গতিশীল ও স্বচ্ছ করতে কাজ করবেন। বিভিন্ন মৌজার জেএল নম্বর ও রেকর্ড সংশোধন, নামজারি কার্যক্রম দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ভূমিসেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নতুন এসি ল্যান্ড দায়িত্ব নেওয়ার পর এসব সেবায় গতি ও স্বচ্ছতা বাড়বে বলে প্রত্যাশা করছেন স্থানীয় ভূমি সেবাগ্রহীতারা।