
বগুড়ার শেরপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৫০)।
গত রবিবার (৭ জুন) রাত ৮টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের শালফা গজারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোরখালী পূর্বপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ তার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শেরপুর থেকে গোসাইবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে গজারিয়া এলাকায় পৌঁছালে কাজীপুর দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নূর মোহাম্মদ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, ঘটনার পর বালুবাহী ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।