প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
বগুড়ার শেরপুরে মোবাইল ফোন চুরির অপবাদে মানসিক চাপে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে মোবাইল ফোন চুরির অপবাদ দেওয়ার ঘটনায় মানসিক চাপে পড়ে আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তাজমহল।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে মোবাইল ফোন চুরির অপবাদে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজ বাড়ির টিনের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন আমিনুল। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মে বিকেল ৩টা ১১ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) জাহিদুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ৪ মে মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 Bogra Times | বগুড়া টাইমস. All rights reserved.