# বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষ রোপণের উদ্বোধন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7/
- Published: 2026-06-13T19:49:00+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে বগুড়ার
শেরপুর উপজেলায় ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা
হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ ও কৃষি বিভাগের আয়োজনে
কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষক, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে এ চারা বিতরণ
ও রোপণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু কর্মসূচির[ উদ্বোধন](http://বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষ রোপণের উদ্বোধন)
করেন। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী-হাঁপুনিয়া সড়কের টুনিপাড়া ব্রিজসংলগ্ন
এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
হাবিবা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু,
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, যুবদলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা মামুনসহ স্থানীয়
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন।

আয়োজক সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে
এ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’
কর্মসূচির অংশ হিসেবে এসব বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
