
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে বগুড়ার শেরপুর উপজেলায় ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ ও কৃষি বিভাগের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষক, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে এ চারা বিতরণ ও রোপণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু কর্মসূচির উদ্বোধন করেন। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী-হাঁপুনিয়া সড়কের টুনিপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, যুবদলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা মামুনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন।
আয়োজক সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে এ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এসব বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।