# শেরপুরের সাংবাদিক নয়ন পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87/
- Published: 2026-04-25T22:39:44+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
রাজধানীতে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকতায় 
বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সাংবাদিক
নাজমুল হুদা নয়ন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে ‘শেরে
বাংলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার রূপালী বাংলাদেশের প্রতিনিধি ও নর্থ এক্সপ্রেস
নিউজের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত নাজমুল হুদা নয়নকে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা,
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কারে
ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কো[র্টের বিচারপতি](http://বগুড়ার সাংবাদিক নয়ন পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড)
ড. মোহাম্মদ আবু তারিক। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত
শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক
ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং বাংলাদেশ 
সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও চিকিৎসাবিদ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাজমা
বেগম নাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

আয়োজক প্রতিষ্ঠান ‘শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ’-এর মহাসচিব এম. এইচ আরমান
চৌধুরী জানান, অর্থনীতি, উদ্যোক্তা, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, সমাজসেবা, সংস্কৃতি,
চিকিৎসা ও মানবিক কর্মকাণ্ডসহ প্রায় ২০টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল 
ব্যক্তিত্বদের এ বছর সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাজমুল হুদা নয়ন বলেন, ‘এই স্বীকৃতি আমার সাংবাদিকতা
জীবনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে মানুষের আস্থা ধরে
রাখতে চাই।’
