
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উপযুক্ত মাঠের ব্যবস্থা করবে বলে ঘোষণা দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া রাইজিং ক্লাব মাঠে পথকলি শিল্প গোষ্ঠীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিপি সাইফুল ইসলাম বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ, সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার বদ্ধপরিকর। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে প্রতিটি জনপদে পর্যাপ্ত মাঠ নিশ্চিত করা হবে, যাতে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে থেকে তারা সুস্থ ধারায় বেড়ে উঠতে পারে।
পথকলি শিল্প গোষ্ঠীর এই আয়োজনে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
ওয়াহিদ মুরাদ, সাংস্কৃতিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি।
এড. জামাল পাশা রানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক।
শাহ মো: মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর (১নং ওয়ার্ড)।
তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর (২নং ওয়ার্ড)।
মাহমুদ শরীফ মিঠু, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল।
এছাড়া অনুষ্ঠানে শহর জাসাসের আহ্বায়ক মুঞ্জুর কাদের লিটন, মাহবুব হাসান লেমন, সৈয়দ আব্দুল গফুর দারা, রবিউল আওয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।